প্রেমের বিয়ের ১ বছর পর ঘরে গৃহবধূর লাশ, দুই কৃষি কর্মকর্তা আটক

আমির হোসেন, চরফ্যাশন।।
ভোলার চরফ্যাশনে প্রেম করে বিয়ের ১ বছর পর ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেছে। শুক্রবার (০৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে চরফ্যাশনে পৌরসভা ৪নং ওয়ার্ডের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

তবে স্বামীর পরিবারের দাবি, চৈতি আত্মহত্যা করেছে। পুলিশের দাবি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৬ ধারায় নিহত গৃহবধূর স্বামীর নামে মামলা হচ্ছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার কলেজপাড়ায় চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাস চন্দ্র দাশের মেয়ে চৈতি তার শশুরবাড়িতে অবস্থান করেছিলেন। শুক্রবার দিবাগত রাত ২টার মধ্যে চৈতির ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, এক বছর আগে চৈতির সঙ্গে একই ওয়ার্ডের চরফ্যাশন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর মজুমদারের ছেলে শাওন মজুমদারের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। পরে তারা সামাজিকভাবে বিয়ে করেন।

নিহতের বাবা শুভাষ চন্দ্র বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। সে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেছেন। এদিকে রাতেই পুলিশ ছেলের বাবা চরফ্যাশন কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর মজুমদার ও বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাওন মজুমদারকে থানায় আত্মহত্যার প্ররোচনা বা সহায়তার অভিযোগে আটক করা হয়েছে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, এ ঘটনায় ছেলে ও তার বাবাকে থানা আনা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। আত্মহত্যার প্ররোচনায় ৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।