ফের লকডাউন আতঙ্ক চীনে, শেয়ারবাজারে পতন

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা মহামারির প্রভাব থেকে মুক্ত হতে পারেনি চীন। দেশটিতে এখনো চলছে কঠোর বিধিনিষেধ। ধারণা করা হচ্ছে সাংহাইয়ের মতো দেশটির রাজধানী বেইজিংয়েও ফের লকডাউন আরোপ করা হতে পারে। এমন পরিস্থিতিতে এশিয়ার শেয়ারবাজারে পতন দেখা গেছে। এদিকে প্রবৃদ্ধিতে ধীর গতি ও উচ্চ সুদ হারের কারণে ডলারের মূল্য বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআইয়ের প্রধানসূচক কমেছে দুই দশমিক পাঁচ শতাংশ, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। কমেছে চীনের মুদ্রার মানও। এদিকে তেলের দাম কমেছে চার শতাংশ।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দাদের বেইজিংয়ের চাওয়াং জেলা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে বেশ কিছু করোনা রোগী শনাক্ত হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ডলারের পতন হয়েছে এক দশমিক দুই শতাংশ। তাছাড়া ইউরোর পতন হয়েছে শূন্য দশমিক আট শতাংশ।

রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় মাসে গড়িয়েছে। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সাংহাইতে টানা লকডাউন দ্বিতীয় মাসে পড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বব্যাপী ভোক্তা মূল্যসূচক বাড়তে পারে।

তাছাড়া এশিয়ায় এসঅ্যান্ডপি-৫০০ ফিউচারের সূচক কমেছে শূন্য দশমিক আট শতাংশ। তাছাড়া এফটিএসই ফিউচার ও ইউরোপীয় ফিউচার এক দশমিক পাঁচ শতাংশের বেশি কমেছে।