ফের শুরু হচ্ছে মোশাররফ করিমের কলকাতার ছবি

বিনোদন ডেস্ক।।
মাঝে লম্বা সময় স্থগিত থাকার পর আবারও শুরু হচ্ছে মোশাররফ করিমের কলকাতার ছবির শুটিং। পশ্চিমবঙ্গের শুটিংবাড়ি জঙ্গলমহলে শুরু হচ্ছে ‘ডিকশনারি’ নামের এই বিশেষ ছবির কাজ।

গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বোলপুরে শুরু হয় ছবিটির দৃশ্যধারণ। কাজও শেষ পর্যায়ে ছিল। তবে করোনাভাইরাস ইস্যুতে সে শুটিং স্থগিত করা হয়। লকডাউনে বিমান যোগাযোগ প্রায় অচল হওয়ায় ১৬ মার্চ সড়কপথে ঢাকায় ফিরে আসেন মোশাররফ করিম।

বিষয়টি নিয়ে এ অভিনেতা তখন জানান, তার অংশের সব কাজ শেষ হয়েছে। মাত্র দুদিনের একটি সেশন বাকি রয়েছে। যেগুলো অন্য শিল্পীরা করবেন।

এদিকে জানা যায়, দ্রুতই ‘ডিকশনারি’র কয়েকটি দৃশ্যের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন পরিচালক ব্রাত্য বসু। তবে সেই শুটিংয়ে মোশাররফ করিম অংশ নেবেন কি না, সেটা জানাননি তিনি। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি মোশাররফ করিমের।

বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ভারতের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু এটি পরিচালনা করছেন। একই ছবিতে আরও থাকছেন কলকাতার পরমব্রত ও আবির।

জানা যায়, ছবিতে সম্পর্কের ব্যবধান উঠে আসবে। এখানে একটি গল্পে স্বামী ও স্ত্রী হিসেবে থাকবেন মোশাররফ ও পৌলমি। মোশাররফ এক নব্য ব্যবসায়ীর চরিত্রে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন। অন্য গল্পে থাকছেন আবির, পরমব্রত ও নুসরাত জাহান। সূত্র-টাইমস অব ইন্ডিয়া।