বরগুনায় জামায়াত নেতা আটক

বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় বৈঠক চলাকালে জামায়াতে ইসলামীর সাবেক আমীর তৈয়ব আলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরগুনা পৌরশহরের কেজিস্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত তৈয়ব আলী (৬৫) বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মৃত আমীর মল্লিকের ছেলে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক আমীর তৈয়ব আলীকে আটক করা হয়েছে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে ২০১৫ ও ২০২২ সালে দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।