বরগুনায় পথচারী মা-ছেলে নিহত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। ভাইয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় তারা এসড়ক দুর্ঘটনায় নিহত হন। সোমবার (০৭ মার্চ) সকাল ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়েকে সোমবার সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পহলানের বাড়ীতে যাচ্ছিল। এ সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছালে মালবাহি ট্রাক এবং পিকআপ ভ্যান রাস্তা ওভারট্রেক করার সময় পিকআপ ভ্যানটি (চট্র মেট্রো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরে পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মোঃ রাকিব (১৬)।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের করা হচ্ছে।