বরগুনায় শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদে ব্যবসায়ীকে পেটালেন বখাটেরা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় স্কুলছাত্রীকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় মায়ের সামনে ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। শুক্রবার (০১ এপ্রিল) বরগুনা পৌরশহরের সোনাখালী শিপের খাল এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী কাশেম একই এলাকার মৃত আবদুর রবের ছেলে।

অভিযুক্ত বখাটেরা হলেন, একই এলাকার লিটন বিশ্বাসের ছেলে বশির বিশ্বাস (২২), মজিবর বিশ্বাসের ছেলে নাঈম (২০) ও হাসান মাহমুদের ছেলে শাওন (১৯)।

জানা যায়, সদর উপজেলার সোনাখালী বাজারে কাশেম এর ইলেকট্রনিক্সের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ২৯ মার্চ (সোমবার) সোনাখালীর আহত কাশেম এর দোকানের সামনে স্কুল পড়ুয়া এক কিশোরীকে রাস্তায় উত্যাক্ত করে বখাটে বশির। এ ঘটনা কাশেমের দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরে সিসি টিভিতে রেকর্ড হওয়া ঘটনা ওই কিশোরীর পরিবারকে দেখান এবং প্রতিবাদ করে ব্যবসায়ী কাশেম। এরপর থেকেই বখাটে বশির কাশেমের উপর ক্ষিপ্ত হয়। এরপর শুক্রবার সকালে বশির ও তার সহযোগী নাইম ও শাওন কাশেমের উপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (০১ এপ্রিল) সকালে ব্যবসায়ী কাশেম বাড়ি থেকে সোনাখালী বাজারে তার ইলেকট্রনিকস এর দোকানে যাওয়ার সময় বখাটে বশির ও তার সহযোগী নাইম এবং শাওন লাঠি দিয়ে কাশেমের উপর অতর্কিত হামলা চালায়। কাশেমের চিৎকার শুনে কাশেমের মা কহিনুর বেগম ছুটে আসেন। এসময় কহিনুর বেগমের সামনেই এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে বখাটেরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাশেমকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়।

কাশেমের মা কহিনুর বেগম বলেন, ছেলের চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি ওরা (বশির, নাঈম, শাওন) আমার ছেলেকে লাঠি দিয়ে পেটাচ্ছে। আমি দৌড়ে কাছে গেলেও আমার সামনেই আমার ছেলেকে পিটিয়ে জখম করেছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত আইনী ব্যবস্থা নেয়া হবে। কিশোর গ্যাং কালচার দমনে আমাদের অভিযান চলছে।