বরফ যুগের বৃহদাকার কুড়ালের সন্ধান

অনলাইন ডেস্ক।।
বরফ যুগের বিরল এক জায়গায় পাথরের তৈরি বড় আকৃতির কুড়ালসহ ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে। ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রত্নতাত্ত্বিক খননকাজে এসব হাতিয়ারের সন্ধান পাওয়া যায়।

বড় আকৃতির কুড়ালটিকে ব্রিটেনে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বৃহদাকারের প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ার বলছেন কেন্টের গবেষকেরা।

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মেডওয়ে উপত্যকার ওপরে পাহাড়ের ঢালুতে বরফ যুগের গভীর পলিস্তর খনন করে সংরক্ষিত অবস্থায় এসব হাতিয়ারের সন্ধান পাওয়া যায়।

মোট ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে। এসব হাতিয়ার তিন লাখ বছরের বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। একটি সিংকহোলে (ভূমিধসে সৃষ্ট গভীর গর্ত) এসব হাতিয়ার মাটিচাপা অবস্থায় ছিল। এর সঙ্গে প্রাচীন একটি নদীর সংযোগও আবিষ্কার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রত্নতাত্ত্বিক লেটি ইংরে বলেন, আবিষ্কৃত হাতিয়ারগুলোর মধ্যে এক ফুট লম্বা একটি কুড়ালও রয়েছে,যা ব্যবহার করার মতো নয় বলেই মনে হচ্ছে।

ইউসিএল ইনস্টিটিউট অব আর্কিওলজির এই গবেষক বলেন, ‘এ ধরনের হাতিয়ারগুলো ২২ সেন্টিমিটার দীর্ঘ হলে আমরা বৃহদাকারের বলে থাকি। এই আকারের দুটি হাতিয়ার আমরা পেয়েছি।’

ইংরে বলেন, ‘সবচেয়ে বড় হাতিয়ারটি হলো ২৯ দশমিক ৫ সেন্টিমিটার দীর্ঘ। ব্রিটেনে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দীর্ঘতমগুলোর একটি। কুড়ালটি খুবই বড়। তারা কীভাবে এটি হাতে ধরে রাখত এবং ব্যবহার করত, তা কল্পনা করা কঠিন।’

এই প্রত্নতাত্ত্বিকের ধারণা, বাস্তবের চেয়ে প্রতীকী কাজেই কুড়ালটি বেশি ব্যবহৃত হতো। তিনি বলেন, ‘কেন এ ধরনের বড় হাতিয়ার তৈরি করা হয়েছিল বা মানবজাতির শুরুর দিকের কোন প্রজাতি তৈরি করেছিল, তা ঠিক এ মুহূর্তে আমরা নিশ্চিত নই।’

ইংরে বলেন, ‘এসব কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর পেতে এই জায়গাকে সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে।’

খননস্থলটিকে ব্রিটেনের প্রাগৈতিহাসিক কালের শুরুর দিকের বলে মনে করা হচ্ছে। ওই সময় নিয়ান্ডারথালের মানুষ ও তাদের সংস্কৃতির উদ্ভব হতে শুরু করেছিল। ৩০ বা ৪০ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এ প্রজাতি।