বরিশালকে হারিয়ে অপেক্ষায় রাখল, ঢাকাও টিকে থাকল

স্পোর্টস ডেস্ক।।
ঢাকা ডমিনেটর্সের জন্য প্লে অফে যাওয়া খুবই কঠিন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে হারলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যেত। তবে গ্রুপ পর্বের দশম ম্যাচে এসে ৫ উইকেটের জয় পেয়েছে নাসির হোসেনের দল। তৃতীয় জয়ে তাদের শেষ চারের আশা বেঁচে থাকল। অন্যদিকে দ্বিতীয় দল হিসেবে সাকিবের বরিশালের প্লে অফে যাওয়ার অপেক্ষা বাড়ল।

টস জিতে বিপিএলের সিলেট পর্বের শেষ দিন সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দুই ওপেনার এনামুল হক ও সাইফ হাসান ৪২ রানের জুটি দিলেও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। সাইফ ফিরে যান ১২ রান করে। এরপর সাকিব আল হাসান ৫, আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ২ ও পাকিস্তান অলরাউন্ডার ইফতেখার আহমেদ ১০ করে ফিরে যান।

তবে এনামুল হকের ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস। তিনি পাঁচটি চার ও এক ছক্কায় ওই ইনিংস খেলেন। মাহমুদুল্লাহ ২৭ বলে করেন ৩৯ রান। চারটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। পরে করিম জানাত ৫ বলে ১৭ এবং সালমান হোসেন ১৪ রান করলে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বরিশাল।

জবাব দিতে নেমে পুরো আসরে ব্যর্থ সৌম্য সরকার ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। এর আগে তার ফিফটি পাওয়া ম্যাচেও জিতেছিল দল। ওপেনিংয়ে ফিরে মোহাম্মদ মিঠুন ৩৬ বলে করেন ৫৪ রান। ছয়টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। পরে আব্দুল্লাহ আল মামুন ২৬ এবং নাসির হোসেন ১৬ বলে ২০ করলে জয়ের প্রান্তে চলে যায় দল। অ্যালেক্স বাকে করেন ১৫ রান।

ঢাকা ১০ ম্যাচে তিন জয় পাওয়ায় তাদের সামনে আছে দুই ম্যাচ। ওই দুই ম্যাচেই তাদের জিততে হবে। অন্যদিকে ৮ ম্যাচে ৫ জয় পাওয়া রংপুর রাইডার্স চার ম্যাচেই হারলে তাদের প্লে অফ খেলার সুযোগ থাকবে। ওই সমীকরণ মিলে যাওয়া হবে অলৌকিক ব্যাপার। অন্যদিকে সাকিবরা সপ্তম জয়ের দেখা পেলেই প্লে অফ নিশ্চিত হয়ে যেত তাদের। বরিশালের হাতে অবশ্য এখনও তিন ম্যাচ আছে।