বরিশালসহ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তবে কমবে শীত

অনলাইন ডেস্ক।।
শৈত্যপ্রবাহ কেটে গিয়ে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) থেকেই শীত কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাব কিছুটা কমলেও তিন বিভাগের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় মেঘ থাকায় শীত কম পড়বে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ‘ঢাকায় আজ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। সারাদেশেই তাপমাত্রা আজ থেকে বাড়বে। আগামী কয়েক দিন সারাদেশেই তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, সামনে একটি বৃষ্টির ইভেন্ট আছে। বৃষ্টির ওপরে নির্ভর করে শীত থাকছে না চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির দু-এক দিন পরই দেশব্যাপী মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি হওয়া-না হওয়ার বিষয়টিও নির্ভর করছে বুধবারের বৃষ্টির ওপর।