বরিশালে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

রূপালী ডেস্ক।।
বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের দুই দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে বুধবার (২৪ আগস্ট) সকালে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সহায়তায় অপহণকারীর মাকে গ্রেফতার কর‍া হয়েছে। অপহৃতা স্কুল ছাত্রীকে জবানবন্দি প্রদান ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী এসআই মিল্টন মন্ডল জানান উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেীনর ছাত্রী ও একই গ্রামের ইসলাম সরদারের মেয়ে ফাতেমা আক্তার প্রিয়াকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সাকিল হাওলাদার।

প্রিয়া সাকিলের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার (২২ আগস্ট) দুপুরে স্কুলের ক্লাশ বিরতির সময় প্রিয়ার সহপাঠি একই গ্রামের পলাশ হাওলাদারের মেয়ে ফারজানা তা‍ঁর বান্ধবী প্রিয়াকে নিয়ে কথা বলার ছলে স্কুল গেটে নিয়ে যায়। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ি সাকিল ‍ঐ ছাত্রীকে স্কুল গেট থেকে অপহরণ করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা ইসলাম সরদার বাদি হয়ে মঙ্গলবার রাতে সাকিলসহ সহায়তাকারী তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, অপহরণের পর অপহৃতাকে নিয়ে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার নীমতলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা পালিয়ে যাবার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রী ফাতেমা আক্তার প্রিয়াকে উদ্ধার করা হয়।

এসময় সাকিলসহ অন্যরা পালিয়ে যায়। অপহরণে সহায়তা করায় সাকিলের মা জেসমিন বেগমকে (৩৯) আটক করা হয়েছে। আটক জেসমিন বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।