বরিশালে টার্মিনাল ফি প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে মানববন্ধন

রূপালী ডেস্ক।।
দক্ষিণাঞ্চলে নৌপথে যাত্রীদের দুর্ভোগ কমাতে ১২ দফা দাবি জানিয়েছে ‘বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ’। এসব দাবিতে রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের উদ্যোগে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে যাত্রীদের বড় অংশ নৌপথের ওপর নির্ভরশীল। কিন্ত দুর্ভাগ্যজনকভাবে নৌপথের উন্নয়নে সরকার উদাসীন। এ খাতে সরকারি বরাদ্দও অপর্যাপ্ত। অপরদিকে লঞ্চ মালিকদের একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছেন নৌপথের যাত্রীরা। এসব সমস্যা সমাধানে ১২ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

দাবিগুলো হচ্ছে- নৌ টার্মিনালে ইজারা প্রথা বাতিল, নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, প্রতিটি নৌযানে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম রাখা, যাত্রী বীমা চালু, দক্ষ মাস্টার-ড্রাইভার-সুকানী নিয়োগ, নৌযানের খাবারের দোকানে অতিরিক্ত মূল্য না রাখা, নৌযানের শ্রমিক-প্রহরী দিয়ে যাত্রী হয়রানি বন্ধ, নৌযানে মলম পার্টিসহ বিভিন্ন প্রতারক দলের দায় মালিক কর্তৃপক্ষকে বহন এবং ঢাকা-বরিশাল-খুলনা রুটে বিআইডব্লিউটিসির স্টিমার সার্ভিস প্রতিদিন চালু।

বরিশাল নৌ যাত্রী ঐক্য পরিষদের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন প্রকৌশলী হারুন অর রশিদ বিশ্বাস, নজরুল ইসলাম খান, শান্ত রঞ্জন চৌধুরী, আরিফুর রহমান মিরাজ, জামান কবির, সাকিবুল ইসলাম সাফিন, শিক্ষক নেতা আসাদুল ইসলাম আসাদ ও সংবাদকর্মী মনিজরুজ্জামান প্রমুখ।