বরিশালে বাধ্যতামূলক ছুটি দিয়ে স্কুল মাঠে বিয়ে আয়োজন!

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ছুটি দিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অভিযোগ উঠেছে করছে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে।

বুধবার (০৯ মার্চ) রাত থেকে স্কুলে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল করার কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা স্কুলে আসলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বাসায় ফেরত পাঠানোর অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

মোফাজ্জেল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের পাশেই একই নামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে।

ম্যানেজিং কমটির সভাপতি আশরাফুজ্জামান খান রনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বিদ্যালয় মাঠে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। বিদ্যালয়ে পুরোপুরি বন্ধ করা হয়নি। সকালে ৩টা ক্লাস হয়েছে।

তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে তারা স্কুলে আসলে শিক্ষকরা তাদেরকে বাসায় ফিরে যেতে বলেন। কারণ জানতে চাইলে তাদের ধমক দেওয়া হয়।

বিদ্যালয় মাঠে বিশাল বিয়ের প্যান্ডেলের কথা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘করোনায় স্কুল বন্ধ থাকায় লেখাপড়া চলেনি। এখন স্কুল খোলার পরও বিয়ের জন্য যদি স্কুল বন্ধ রাখা হয় তাহলে আমাদের ক্লাস কীভাবে চলবে?’

স্থানীয়রা জানান, ওই এলাকার ইয়ার হোসেন সিকদারের মেয়ের সঙ্গে পশ্চিম চর হোগলা গ্ৰামের আবুল হোসেনের ছেলের বিয়ের আয়োজন করা হয়।

ইয়ার হোসেন সিকদার বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আমাকে বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছেন। তাছাড়া আমার মেয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।’

এ বিষয়ে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল ও ক্ষুদে বার্তা পাঠালে তিনি সাড়া দেননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ হাওলাদার বলেন, ‘বিয়ের অনুমতি চেয়ে আমাদের কাছে আবেদন করেছিল। তাদের অনুমতি দেওয়া হয়নি। স্কুল চলাকালীন সময়ে একই মাঠে বিয়ের আয়োজন করা সম্পূর্ণ বিধান পরিপন্থী। যেহেতু মাঠটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এ জন্য আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। তবে ওই স্কুলের প্রধান শিক্ষক অর্চণা রাণী জানিয়েছেন, বিয়ের আয়োজনে শিক্ষার্থীদের ক্লাস করতে বিপত্তি হচ্ছে ‘

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খান বলেন, কোনো স্কুল বন্ধ করে বিয়ের আয়োজন করা সম্পূর্ণরূপে আইন পরিপন্থী। এই কাজ করা অপরাধ। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।