বরিশালে স্ত্রীকে নির্যাতন করায় পুলিশ সদস্য কারাগারে

আইন আদালত।।
স্ত্রী নির্যাতনের মামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সা‌বেক নায়েককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপু‌রে আসামির জামিন বাতিল করে আদেশ দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।

নায়েক আরিফুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পিওএন শাখার নায়েক হিসেবে কর্মরত ছি‌লেন।

বাদী জেসমিন জানান, আরিফুর রহমানের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয় তার। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুক চেয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালাত আরিফুর। এর বিচার চেয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

এরপর দাবি করা যৌতুক না পেয়ে নভেম্বর মাসে আরিফুর আরেকটি বিয়ে করেন। গত ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে আসামি আরিফুর মামলা থেকে জামিন নেন। জামিন পাওয়ার পরের দিনই বাদী জেসমিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন আরিফুর।

সেই পরিপ্রেক্ষিতে বাদী বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন।

আদালতের বিচারক নায়েক আরিফুর রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আরিফ।

জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার আবার জামিনের আবেদন করেন আরিফ। কিন্তু আদালতের বিচারক তার আবেদন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠান।

আরিফুরকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ট্রাইব্যুনা‌লের পাব‌লিক প্রসি‌কিউটর ফ‌য়েজুল হক ফ‌য়েজ।