বরিশালে স্পিডবোট ডুবি, নিঁখোজ ৩

রূপালী ডেস্ক।।
বরিশালে কীর্তণখোলা নদীর সাহেবের হাট চ্যানেলে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় এখনও তিনজন নিঁখোজ রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাল্কহেড ও স্পিডবোট ডুবির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

নিখোঁজ তিনজন হলেন- ভোলার উত্তর চর ভেদুরিয়া এলাকার বাসিন্দা স্পিডবোট চালক মো. আল আমিন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নোওয়াপাড়া এলাকার আজগর আলির ছেলে রাসেল আমিন (২৫) ও বাবুগঞ্জের রহমতপুরের দুলাল দাসের ছেলে সজল দাস (৩০)।

বৃহস্পতিবার দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম জালিস মাহমুদ। তিনি ভোলায় স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

বরিশাল সদর নৌ থানার এসআই ওমর ফারুক জানান, মামলায় নামধারী দুইজন ও অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। নামধারীরা হলেন স্পিডবোট চালক আল আমিন ও বাল্কহেড চালক আটক শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার কোরালতলী এলাকার বাসিন্দা খালেক মাঝি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, ডুবুরিরা নিঁখোজ ৩ জনের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোলা থেকে ১০ জন যাত্রী নিয়ে বরিশালে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।