বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিআরটিএ’র মোবাইল কোর্ট

রূপালী ডেস্ক।।
বরিশালে চলাচল করা সকল ধরনের গণপরিবহনে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত ও অবৈধ অটোরিকশা নির্মান বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বিআরটিএ বরিশাল সার্কেল।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিআরটিএ ও বরিশাল জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর রুপাতলীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল- হেলাল এর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসানসহ বিআরটিএ এর অন্যান্য সদস্য।

স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রমণ রোগ নির্মূল ও নিয়ন্ত্রণ আইনে ধারা অনুযায়ী চালক ও যাত্রীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। অভিযানে ৯টি মামলায় ব্যক্তি ও গাড়ি চালকদের মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এদিকে অবৈধ অটোরিকশা নির্মান বন্ধে কারখানাগুলোতে যায় ভ্রাম্যমান আদালত। তবে মোবাইল কোর্টে উপস্থিতি টের পেয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যায় নির্মান শ্রমিকরা।

অভিযান শেষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন,,শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি জনগণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

বিআরটিএ বরিশাল সার্কেল এর মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান বলেন, বরিশালবাসীর নিরাপত্তা ও করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।