বরিশালে ৪ দিন পর মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

রূপালী ডেস্ক।।
বরিশালে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭০) নামে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রয়ারি)সকালে কীর্তনখোলা নদীর একটি সংযোগ খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (১৯ ফেব্রয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।

আফসার আলী খান চরমোনাই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। তবে চারদিনেও তার সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান বলেন, মঙ্গলবার সকাল ৭ টার দিকে কীর্তনখোলা নদীর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন একটি খালে লাশটি পাওয়া যায়।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম জানান, আফসার আলী চরমোনাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নলচর গ্রামে স্ত্রীকে নিয়ে থাকতেন। তিনি কয়েক মাস আগে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দের ঘরে ওঠেন। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি নদীতে গোসল করতে যান। আফসারের স্ত্রী গোসল শেষে তীরে ওঠার পর আফসার আলীকে দেখতে না পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে তার লাশ ভেসে উঠেছে।