বাকেরগঞ্জে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, যুবক আটক

অনলাইন ডেস্ক।।
বরিশালের বাকেরগঞ্জে রেজাউল ফারুক সুমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমন বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডর আলমগীর হোসেন মোল্লার ছেলে। সুমন ওষুধের ব্যবসা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুমন মেডিকেল হল নামে তার একটি দোকান রয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘ দিন ধরে ফার্মেসির ব্যবসার আড়ালে মাদক ও জাল টাকার ব্যবসা করে আসছিলেন সুমন। বৃহস্পতিবার রাতে তার ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার জাল টাকা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সুমনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

ডিবি পুলিশের এসআই মো. হেলাল উদদীন জানান, সুমনের বিরুদ্ধে জাল টাকা ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, সুমনের বিরুদ্ধে মামলার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।