বাকেরগঞ্জে বাসের চাপায় প্রাণ গেল ৪ জনের

রূপালী ডেস্ক।।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানজিলা আক্তার, সোহাগ সিকদার, আমির চৌধুরী ও অটো রিক্সা চালক হাসিব। এরা সবাই বাকেরগঞ্জের বাসিন্দা। এদের মধ্যে পুরুষ তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পরে তানজিলা নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন জানান, একটি যাত্রীবাহী বিআরটিসি বাস (কুমিল্লা-ব-০০৫৫) পটুয়াখালীর দিক থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। এসময় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে বিপরিত দিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দেয়।

এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিন পুরুষ যাত্রী নিহত হন এবং একজনকে হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয়। এছাড়া শিশুসহ তিন যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, নিহতদের মধ্যে হাসিব নামের ব্যক্তি অটোরিক্সার চালক ছিলেন। এছাড়া আহতরা হলেন একই পরিবারের ফয়সাল, তার স্ত্রী সাথী এবং শিশু কন্যা ফারহানা।

ওসি বলেন, বিআরটিসি চালক বাসটি ফেলে রেখে পালিয়েছে। তার নাম জানা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, নিহতদের মধ্যে পুরুষ তিনজন এবং মহিলা একজনের নাম জানতে পেরেছি। এদের মধ্যে একজন ইজিবাইক চালক।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে বিআরটিসি চালের কারণেই দুর্ঘটনা ঘটেছে। অটোরিক্সা সঠিক পথেই চালাচ্ছিল। বিআরটিসি রং সাইটে গিয়ে অটোরিক্সাটিকে চাপা দিয়েছে। বাসের চালকও দক্ষ ছিলনা বলে ধারনা উপজেলা নির্বাহী কর্মকর্তার।