বাকেরগঞ্জে বাস চাপায় ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রূপালী ডেস্ক।।
বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসি বাস চাপায় মা-মেয়েসহ ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বুধবার (২০ জুলাই) বিকালে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এই কমিটি গঠন করে দেন। কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- বিআরটিএ’র বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘২০ জুলাই বাকেরগঞ্জ উপজেলার কুয়াকাটা-বরিশাল মহাসড়কে বিআরটিসি পরিবহন মূল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে যাত্রীসহ চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে আরও দুজনসহ মোট ছয়জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও একজন। উক্ত ঘটনা সরেজমিন তদন্ত পূর্বক একটি প্রতিবেদন দাখিল করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।