বাকেরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক।।
বরিশালের বাকেরগঞ্জে আবুল হাসান (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। সোমবার (২১ মার্চ) সকালে উপজেলার কলসকাঠী ইউনিয়নের মুদিঘাট এলাকায় বট গাছের সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে এ লাশ উদ্ধার করে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল হাসান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ী ইউপির কামিমাড়ী গ্রামের মৃত আব্দুল হক তরফদারের পুত্র এবং নিপা ব্রিকসের লেবার সর্দার ছিলেন।

আবুল হাসানের স্ত্রী শিউলি বেগম জানান, আমাদের পরিবারের কারো সঙ্গে তার কোন দ্বন্দ্ব ছিলো না। ইটভাটার মালিকের সঙ্গে টাকা পয়সার লেনদেনে আছে একারণেই তাকে হত্যা করা হতে পারে।

এ বিষয়ে ওসি আলাউদ্দিন মিলন জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।