বাপ্পি লাহিড়ির মৃত্যুর পরে কে পাচ্ছেন তার স্বর্ণালংকার

বিনোদন ডেস্ক।।
মাস পেরিয়েছে বাপ্পি লাহিড়ি চলে গেছেন। প্রিয় কালো চশমাও শেষযাত্রায় সঙ্গেই ছিল তার। কিন্তু ভক্ত মনে নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে তার গা ভরা অলংকারগুলো এখন কোথায়? সেটিই জানালেন বাপ্পির ছেলে বাপ্পা লাহিড়ি।

বাপ্পি তার সংগ্রহের সোনাগুলিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করতেন। ভ্যাটিকান সিটি থেকে হলিউড, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিনি যা কিছু সংগ্রহ করতেন, সেগুলিকে সোনায় পরিণত করে গায়ে জড়াতেন।

বাপ্পা বলেন, বাবা কোনও দিনও সোনা ছাড়া ঘরের বাইরে বেরোননি। ভোর পাঁচটায় বিমান ধরতে হবে, তাও সমস্ত সোনা গায়ে পরে নিয়ে তবেই বেরিয়েছেন বাবা। সোনা যেন তার মন্দির, তার ক্ষমতা। আধ্যাত্মিক কোনও যোগ ছিল সোনার সঙ্গে।

তিনি আরও বলেন, বাপ্পির ভক্তরা যাতে তার সেই সোনাগুলি নিজের চোখে দেখতে পারেন, তাই সেগুলোকে সংগ্রহশালায় রাখা হবে। বেশ কয়েকটি সোনার জুতো, ঘড়ি, রোদ চশমা, টুপি, গয়না রয়েছে বাপ্পির বাড়িতে। সব কিছুই সংগ্রহশালায় জমা দেওয়া হবে বলে জানালেন বাপ্পা লাহিড়ি। সূত্র-আনন্দবাজার।