বাবা আকুতি করলেও কোলে থাকা তাসপিয়াকে গুলি করে রিমন

অনলাইন ডেস্ক।।
ইট ছুড়ে মারার ফলে তাসপিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে আবু জাহের ও তার কোলে থাকা তাসপিয়াকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তখন আবু জাহের আকুতি করলেও সরাসরি গুলি করেন রিমন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জ র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার চরক্লার্ক এলাকা থেকে তাসফিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি রিমনকে গ্রেপ্তার করলে তিনি র‌্যাবের কাছে এসব কথা জানান। এ সময় তিনি তাসফিয়া ও তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার কথা র‌্যাবের কাছে স্বীকার করেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঘটনার চার-পাঁচ দিন আগে গ্রেপ্তার রিমন, মহিন ও বাদশাসহ ছয়-সাতজন মহিনের বাসার সামনে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রিমন হত্যা সংঘটিত করার উদ্দেশ্যে ২১ হাজার টাকায় একটি আগ্নেয়াস্ত্র কিনে আনেন।