বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়ার হুমকি, অতঃপর ছেলের যা হলো

অনলাইন ডেস্ক।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে পিতা মো. আ. গনি মৃধার (৮২) আদালতে দায়ের করা মামলায় ছেলেকে কারাগারে পাঠিয়েছেন মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস।

বৃহস্পতিবার ছেলে মো. মোশারেফ হোসেন ও তার স্ত্রী মোসা. তানিয়া বেগম এ মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করলে আদালত মোসা. তানিয়া বেগমের জামিন মঞ্জুর করেন। এ সময় ছেলে মো. মোশারেফ হোসেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, উপজেলা সদরের পশ্চিম সুবিদখালী গ্রামে আ. গনি মৃধার ৩টি বসতঘর রয়েছে। তার একটির একাংশে তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করেন এবং ওই ঘরের বাকি অংশসহ টিনশেড ২টি ঘর ভাড়া দেন। মাস শেষে তিনি ওই ঘরের ভাড়ার টাকা উত্তোলন করলে উক্ত ভাড়ার টাকা ছেলে মোশারেফ হোসেন দাবি করেন।

দাবিকৃত টাকা পিতা আ. গনি মৃধা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার দুপুরে ছেলে মো. মোশারেফ হোসেন ও তার স্ত্রী মোসা. তানিয়া বেগম পিতার বসত ঘরে প্রবেশ করে তাদের মারধর করে এবং আলমারিতে থাকা ৮০ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে যায়। এ সময় বৃদ্ধ পিতা-মাতাকে ঢাকার একটি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়।

পিতা আ. গনি মৃধা নিরুপায় হয়ে গত বুধবার ছেলে মো. মোশারেফ হোসেন ও পুত্রবধূ মোসা. তানিয়া বেগমকে আসামি করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।