বাবুগঞ্জে গভীর রাতে সিঁধ কেটে চুরি, দুইজনের মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে গভীর রাতে এক বাড়িতে সিধ কেটে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রের দেয়া চেতনানাশক মেডিসিনে ২জন নিহত হয়েছে এবং ১ জন অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়াও চোর চক্র স্বর্ণালংকার ও ৩ টি মোবাইল লুট করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২ টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের খন্দকার বাড়িতে।

খবর শুনে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান খান, সহকারী পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় দেলোয়ার হোসেন এর বাড়ির ভেতরে চোর প্রবেশ করে পরিবারের সবাইকে অচেতন করে কানে ও গলায় তাকা স্বর্ণের দুল ও চেইন এবং সাথে থাকা মোবাইল নিয়ে যায়। চোরের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা ডাকচিৎকার দিলে চোর চক্র পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ঘরে থাকা মৃত মোঃ মকবুল হোসেনের স্ত্রী মোসাঃ লালমুন নেছা (১০০) পুত্রবধূ মোসাঃ মিনারা বেগম(৫০) ও নাতি মোঃ সোলাইমান এর স্ত্রী মোসাঃ রিপা (২৩) কে অচেতন অবস্থায় উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা লালমুন নেছা ও মোসাঃ রিপা আক্তার কে মৃত্যু ঘোষণা করে।

প্রতিবেশী মরিয়ম বেগম জানান, তিনি রাত ১১ টার দিকে তাদের বাড়ির উঠান দিয়ে একজন লোককে হাটতে দেখেন। পরে তিনি ওই লোকের পরিচয় জানতে চান। লোকটি কথা না বলে দ্রুত চলে যান। প্রায় ১০ মিনিট পরে মরিয়ম বেগম টর্চ লাইট নিয়ে ঘরের বাহিরে যায়। তিনি যখন মোঃ দেলোয়ার হোসেন এর ঘরের পাশে আসেন তখন তিনি সিঁধ কাটা ও ঘরের দরজা খোলা দেখতে পান। পরে মরিয়ম বেগম ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাডাকি করলে কেউ কোন সারা না দেয়ায় তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হয়তো খাবারের সাথে চেতনানাশক কিছু মিশিয়ে তাদের অজ্ঞান করে মোবাইল ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজন অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবাস সরকার জানান, রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে নিয়ে আসা হয়েছিল। তাদের দ’জন ছিল মৃত। আর একজন অসুস্থ তবে কি কারণে ওই দুই জনের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ২ জন মারা যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।

তিনি আরও জানান ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।