বামনায় বাস চাপায় বৃদ্ধা নিহত

বরগুনা ও বামনা প্রতিনিধি।।
বরগুনা বামনা উপজেলার পূর্ব চালিতাবুনিয়া এলাকায় বাসের চাপায় হালিমা বেগম (৭৫) নামে এক পথচারীর নিহত হয়েছে। বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে আছে। বাস হেল্পার ও ড্রাইভার সবাই পলাতক রয়েছে ।

বুধবার( ১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে বরিশাল- পাথরঘাটা সড়কের পূর্ব চালিতাবুনিয়া গ্রামের মোঃ হাচন আলী খানের বাড়ির সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধা পার্শ্ববতী বেবাজিয়াখালী গ্রামের মৃত আব্দুল গনী হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হালিমা বেগম রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে পাথরঘাটা গামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বশিরুল আলম বলেন, বিআরটিসি বাসের চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। খবর পেয়ে আমি নিজে সেখানে উপস্থিত হয়েছি। নিহতের ময়নাতদন্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।