বামনায় ৪৮ হাজার ইয়াবাসহ কারবারিকে আটক করেছে র‌্যাব ৮

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্ব সফিপু গ্রাম থেকে এক ইয়াবা কারবারিকে আটক করেছে। তার নাম মো: নজরুল ইসলাম (৪২)। তাকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ র‍্যাব-৮ শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে আটক করেন। আটক নজরুল ইসলাম পূর্ব সফিপুর এলাকার আবুল হাশেম সিকদারের ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইয়াবার চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বরগুনার বামনা উপজেলা সদরের পূর্ব সফিপুর গ্রামের নজরুল ইসলাম সিকদারের বাড়ীর রান্নাঘর থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন র‍্যাব। এসময় ইয়াবা বিক্রেতা নজরুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছে থাকা একটি মুঠোফোন ও সিমকার্ডও জব্দ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আকতারুজ্জামান জানান, আটক হওয়া নজরুল কক্সবাজার মাছের ট্রলারে থাকেন। দেড় মাস যাবত সে বাড়িতে রয়েছেন। এই বিপুল পরিমান ইয়াবা তিনি হয়তো মিয়ানমার কিংবা টেকনাফ থেকে নিয়ে এসেছেন বলে ধারণা এই ইউপি সদস্যের।

এ বিষয়ে বামনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: বশিরুল আলম বলেন, বামনা সদর উপজেলার পূর্বসফিপুর গ্রাম থেকে র‌্যাব বিপুল পরিমান ইয়াবাসহ একজনকে আটক করেছে । তার বিরুদ্ধ বামনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।