বিএনপিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে: কামরুল ইসলাম

অনলাইন ডেস্ক।।
‘বিএনপি-জামায়াত অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ও একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে এখনও লড়াই করতে হচ্ছে। সেই অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। তারা দেশের সব অর্জন ধ্বংস করতে চায়। বিএনপি ১০ দফা দাবিতে আলেমদের মুক্তি চেয়ে পক্ষান্তরে একাত্তরের ঘাতকদের মুক্তি চাচ্ছে। তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না। তারা ৭ ডিসেম্বর মানুষ হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের যেকোনো ষড়যন্ত্র ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।