বিএনপি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। বিএনপি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই।’

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে এসে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, ‘বিগত দিনে ১০ নম্বর ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজ করেছি, এখনও অনেক কাজ চলমান রয়েছে। এমন কোনো ওয়ার্ড নেই যেখানে উন্নয়ন করিনি। আমরা বাবুরাইল ও সিদ্ধিরগঞ্জের এনডি লেকের কাজ করেছি। শহরে শেখ রাসেল পার্ক করেছি।’

তৈমূর আলম খন্দকারের সঙ্গে বিএনপি নেতারা আছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘তা চিন্তা করার সময় নেই আমার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের কাছে ভোট চাইতে ব্যস্ত। আমি ২৭টি ওয়ার্ডে ঘুরছি। ওয়ার্ডবাসীর সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলছি। তার সঙ্গে কে আছে বা নেই তা নিয়ে ভাবছি না।’

আইভী নগরবাসীর কাছে ভোট চেয়ে বলেন, ‘আমাকে সেবা করার জন্য আবারও সুযোগ দিন, আমি আপনাদের চাওয়া পূর্ণ করতে চাই।’

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইফতেখার আলম খোকন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, শহীদুল ইসলাম, আব্দুল মান্নানসহ ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।