বিএনপি লাশের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক।।
গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডও অব্যাহত রয়েছে।

বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি-সামর্থ্য নেই। এ কারণে তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্দয় আগুনের লেলিহান শিখায় পোড়াচ্ছে সারাদেশ। মেতে উঠেছে নির্বিচার ভাঙচুর ও সহিংসতায়। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা, মানুষ হত্যা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় বিএনপির অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এ দেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী। সরকারের দায়িত্ব জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছেন। তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছেন।