বিপিএলে বল টেম্পারিং করে অল্পতেই রক্ষা বোপারার

স্পোর্টস ডেস্ক।।
গত ৭ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে ইংলিশ ক্রিকেটারকে। সঙ্গে বোপারার নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে বিসিবি।

সে ম্যাচে সিলেট দলের নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামেন বোপারা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইংলিশ এই অলরাউন্ডার করে বসেন বল টেম্পারিং। ইনিংসের নবম ওভারে বল এমন কাণ্ড ঘটান তিনি। বিষয়টি ফিল্ড আম্পায়ারের দৃষ্টিগোচর হয়। তৎক্ষণাৎ সিলেটকে ৫ রান জরিমানা ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

সেই ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি শুনানি হয়। যেখানে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় বোপারাকে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে বল বিকৃতি বা বিকৃতির চেষ্টা বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ নবর ধারা ভঙ্গের অভিযোগে ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করা বোপারাকে। সঙ্গে বোপারার নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

কোডের ৭.৫ অনুচ্ছেদ অনুযায়ী, বোপারা যদি টুর্নামেন্টে ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে সেটি ম্যাচ নিষেধাজ্ঞায় রূপান্তরিত হবে। ৪ ডিমেরিট পয়েন্ট ১ ম্যাচের নিষেধাজ্ঞার সমান।