বিশ্বকাপ দলে সৌম্য-শরীফুল, বাদ সাব্বির-সাইফ

স্পোর্টস ডেস্ক।।
দুটি পরিবর্তন এনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির কাছে চুড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুড়ান্ত দলে জায়গা পেয়েছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।

আর এই দুইজনকে জায়গা করে দিতে বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনতে পারত সুপার টুয়েলভে থাকা দলগুলো। সেই সুযোগই নিয়েছে বিসিবি। এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির। এক ম্যাচ খেলেই জায়গা করেন বিশ্বকাপ স্কোয়াডে।

বিকল্প ওপেনার হিসেবে সাব্বির খেলানোর পরিকল্পনা ছিলো টিম ম্যানেজমেন্টের। তবে টানা ৪ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। করেছেন মাত্র ৩১ রান করেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর একাদশ থেকে বাদ পড়েন সাব্বির। এবার অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না তার।

এদিকে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন শরীফুল ইসলাম। ফলে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শরীফুলের বিপরীত অবস্থাই ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। চোট কাটিয়ে দলে ফেরার পর ৫ ম্যাচে ১০.৮৭ ইকোনমি রেটে নিয়েছেন ৩ উইকেট। আর ব্যাট হাতে ৩ ইনিংসে করেছেন ৪ রান।

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসবেন সাব্বির ও সাইফউদ্দিন। আর নিউজিল্যান্ড সময় ভোরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাবে বাংলাদেশ। ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহঅধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।