বিশ্ববিদ্যালয় ছাত্রকে পেটালেন ট্রাফিক সার্জেন্ট!

রূপালী ডেস্ক।।
বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে মারধরের অভিযোগ উঠেছে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। আহত ওই দুইজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (০১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ও মারুফ মোল্লা সাইদুলের খালাতো ভাই। তারা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার বাসিন্দা।

আহত সাইদুল ইসলাম বলেন, বিকালে একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে খালাতো ভাই মারুফ মোল্লার সঙ্গে মোটরসাইকেলযোগে বরিশাল নগরীর সাগরদি এলাকায় আসছিলাম।

পথিমধ্যে রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ সিগন্যাল দিলে আমরা গাড়ি থামিয়ে কাগজপত্র দেখাতে পুলিশ বক্সে যাই। তখন সার্জেন্ট শহিদুল ইসলাম আমার হেলমেট না থাকায় মামলা দিতে চান। তখন তাকে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করি। কথা বলার একপর্যায়ে সার্জেন্ট শহিদুল আমাকে গালাগাল করেন। গালাগালের প্রতিবাদ করলে আমাকে মারধর করে। আমি একপর্যায়ে পুলিশ বক্সের মধ্যে অজ্ঞান হয়ে পড়ি।

তিনি বলেন, আমাকে মারধরের ভিডিও করতে গিয়ে মারধরের শিকার হন আমার খালাতো ভাই মারুফও। এরপর আমাদের আত্মীয়স্বজনরা এসে আমাদেরকে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থেকেই সার্জেন্ট শহিদুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এসব বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারুখ হোসেন বলেন, আমরা ওই ছাত্রকেও হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।