বিয়ের পিঁড়ি থেকে ভোটকেন্দ্রে

আন্তর্জাতিক ডেস্ক।।
বর-কনে তাঁরা। পরনে বিয়ের সাজপোশাক। গলায় ফুলের মালা। তবে দুজন কোনো বিয়ের মঞ্চে নেই, রয়েছেন ভোটকেন্দ্রে। বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি ভোট দিতে গেছেন তাঁরা।

ওই বর-কনের নাম বৈভব ও কবিতা। তাঁরা ভারতের গুজরাটের বাসিন্দা। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাজ্যটিতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। দুজন ভোট দিয়েছেন কুচ জেলার ভুজ বিধানসভা আসনে। ভোটকেন্দ্রে তোলা তাঁদের ছবি ইন্টারনেটে বেশ সাড়া ফেলেছে। ছবিতে বৈভব ও কবিতার পাশে নিরাপত্তাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গুজরাটে এমন ঘটনা আগেও ঘটেছে। সেটা গত বিধানসভা নির্বাচনে, ২০১৭ সালে। সেবার নিজের গায়েহলুদের অনুষ্ঠান থেকে সরাসরি ভোট দিতে গিয়েছিলেন ফেনি পারেখ নামের এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, হলুদ শাড়ি পরে, শরীরে হলুদ মেখে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়েছেন তিনি। ওই ছবির শিরোনামে লেখা ছিল, সুরাটের কাটারগ্রামের বাসিন্দা ফেনি গায়েহলুদের অনুষ্ঠান থেকে ভোট দিতে এসেছেন।

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ৮৯ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বেলা তিনটা পর্যন্ত আসনগুলোতে গড়ে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়ে। এবারের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিজেপি রাজ্যটিতে টানা সপ্তমবারের মতো ক্ষমতা ধরে রাখতে চাইছে।

প্রথম ধাপের অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে সুরাট। শহরটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সুরাট।

এদিকে ৫ ডিসেম্বর গুজরাটে দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট হবে ৯৩টি আসনে। গুজরাট বিধানসভায় মোট ১৮২টি আসন রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৯২টি আসনে জয় পেলে রাজ্যে সরকার গঠন করতে পারবে একটি দল। নির্বাচনের ভোট গণনা শেষে ৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।