বিয়ে ছাড়াই ১৭ বছর সংসার, স্বামীর গলা কাটতে চাইলেন স্ত্রী

অনলাইন ডেস্ক।।
স্বামী-স্ত্রীর পরিচয়ে ১৭ বছর বছর সংসার করার পরও স্ত্রীর মযার্দা না পাওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা অভিযোগে ছালমা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) ফতুল্লা থানার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছুরিকাঘাতে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করে। আটককৃত ছালমা বরিশাল জেলার গলাচিপা থানার শাহালমের মেয়ে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, আটকককৃত ছালমা ও আহত দুলাল স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘ ১৭ বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছিল। কিন্তু তাদের বিয়ে হয়নি। স্ত্রীর স্বীকৃতি আদায়ে এক বছর আগে সালমা স্বামী দুলালকে ধর্মগঞ্জ ঢালিপাড়ায় ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে।

সেই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সাম্প্রতিক সময়ে সে জামিনে বেরিয়ে আসে। শুক্রবার সকাল ১০টার দিকে ধর্মগঞ্জ ঢালিবাজারের প্রকাশ্য দিবালোকে দ্বিতীয়বারের মতো স্বামীকে দুলালের গলায় ছুরি দিয়ে আঘাত করে।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ছালমাকে আটক করে। আহত দুলাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।