বেড়া কেটে গৃহবধূকে ধর্ষণ, চিৎকার করায় পালালো ধর্ষক

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের গৌরনদীতে ঘরের বেড়া কেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার উত্তর বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত কামাল হাওলাদারকে (৪৮) আসামি করে বিকেলেই মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কামাল হাওলাদার একাধিক মাদক মামলার আসামি এবং ওই গ্রামের হাতেম আলী হাওলাদারের ছেলে।

গৌরনদী থানার এসআই খায়রুল আলম জানান, মাদক মামলায় ওই গৃহবধূর স্বামী জেলহাজতে রয়েছে। এ সুযোগে কামাল হাওলাদার প্রায়ই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। ওইদিন রাত সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর ঘরের বেড়া কেটে ভেতর প্রবেশ করে আসামি। এ সময় ওই গৃহবধূ জেগে উঠলে তাকে ধর্ষণ করেন কামাল হাওলাদার। এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কামাল পালিয়ে যান।

তিনি বলেন, কামালকে গ্রেফতারের পর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।