ভান্ডারিয়ায় ইউপি সদস্যের ওপর হামলা

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের সদস্য মো. আলী হোসেন খন্দকারের (৪৯) ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার আলী হোসেন গৌরীপুর ইউপির ২নম্বর ওয়ার্ডের সদস্য।

হামলার ঘটনায় বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ভান্ডারিয়া থানায় আহতের ভাই মো. দেলোয়ার হোসেন খন্দকার বাদি হয়ে ৬ জনের নাম উল্ল্যেখ সহ আরো ৮ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন।

আহতের ভাই মো. দেলোয়ার হোসেন খন্দকার জানান, মঙ্গলবার দিবাগত রাতে পৈকখালী হাজী লেহাজ উদ্দিন মাদ্রাসা সংলগ্ন রাস্তায় একাকি পেয়ে তাকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে আনলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের গ্রেফতারের দাবিতে ভান্ডারিয়া উপজেলা মেম্বার এ্যাসোসিয়েশন বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। উপজেলার থানা সড়কের লিয়াকত মার্কেটে এ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. মনিরুল ইসলাম।