ভান্ডারিয়ায় চিকিৎসকদের অবহেলায় দৃষ্টি প্রতিবন্ধি রোগীর মৃত্যুর অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার (০৮ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় সজিব উকিল (১৪) নামে এক এক দৃষ্টি প্রতিবন্ধি ডায়রিয়া রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যু সজিব উকিল উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী গ্রামের মুজাম্মেল উকিলের পুত্র।

শনিবার রাতে তিনি বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। রবিবার সকাল ৫ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।

মৃত সজিবের মা শিল্পি বেগম বলেন, ‘সজিবকে সকালে ভর্তির পরে হাসপাতাল থেকে শুধু একটি স্যালাইন দেওয়া হয়। বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। সকাল ৫ টা থেকে ১০ টা পর্যন্ত কোন ডাক্তার তাকে দেখতে আসেনি। স্যালাইন শেষ হলে আর কোন স্যালাইন দেয় নি। রোগী মারা যাওয়ার পরে কলেরা স্যালাইন লাগানো হয়।
মৃত সজিবের পিতা মুজাম্মেল উকিল জানান, হাসপাতালে ভর্তি করার পরে আমার ছেলেকে কোন বেড দেয়নি। অন্য রোগী চলে যাবার পরে সেই বেডে আমরা গেলে কর্মরত নার্স আমাদের বেড থেকে নামিয়ে দেয়। ছেলে অনেক অসুস্থ্য হলে ডাক্তারকে খোঁজাখঁজি করেও পাইনি।

এ বিষয়ে সিনিয়র স্টাফ নার্স পার্বতী রুদ্র জানান, আমি সহ নার্স সনিয়া আক্তার ও তানিয়া আক্তার রাত্রিকালিন দায়িত্ব পালন করি। ওই রোগী মহিলা ওয়ার্ডের বেডে গেলে সেই ওয়ার্ডের মহিলারা অভিযোগ দিলে আমরা তাদের কে পুরুষ ওয়ার্ডে যেতে বলি মাত্র। আমাদের ডিউটি সকাল আটটায় শেষ হয়। তখন রোগীর অবস্থা ভাল ছিল। আমরা চলে আসার পরে শুনি রোগীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জনতে ওইদিন দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা: তাহসিনা বিনতে বাহার প্রিমার মুঠোফোনে বারবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।

ভান্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, যে অভিযোগটি আসছে সেটি তদন্তাধীন বিষয়। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠ করেছি। তদন্তের পরে দায়িত্বে গাফলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও চিকিৎসকদের অবহেলার কারণে এক নবজাতক শিশু অক্সিজেনের অভাবে মৃত্যু হয় বলে শিশুটির মা হেলে না অভিযোগ করে ছিলো।