ভান্ডারিয়ায় র‌্যাব পরিচয়ে শিক্ষকের হাতে হ্যান্ডক্যাপ, অতঃপর…

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার (২৯ জুন) দুপুরে র‌্যাব পরিচয় দিয়ে এক প্রধান শিক্ষকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি কাউকে জানালে জীবন নাশেরও হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তেলিখালী ২৭ নং নিশানঘাটা সরকারি প্রাথমিক বিবদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানাগেছে, প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বুধবার দুপুরে স্থানীয় সোনালী ব্যাংক থেকে ৯৮ হাজার এবং পূবালী ব্যাংক থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলন করে ভান্ডারিয়া ওভারব্রিজ এলাকা থেকে জনৈক দেলোয়ার মাতুব্বরের ইঞ্জিন চালিত মাহিন্দ্রা গাড়ী যোগে নিজ বাড়িতে যাইতে ছিল। মাহিন্দ্রা গাড়ীটি আঞ্চলিক সড়কের জনৈক লিটন তালুকদারের বাড়ির সামনে গেলে একটি সাদা রং এর প্রাইভেটকার মাহিন্দ্রাটির গতি রোধ করে । পরে ওই গাড়ি থেকে হাতে পিস্তল সহ র‌্যাবের পোশাক পরিহিত চার জনলোক মাহেন্দ্রে থাকা যাত্রীদের কথা বলতে নিষেধ করে এবং উক্ত লতিফ ইয়াবার ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ করে এবং তার হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে ওই সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

পরে ঝালকাঠী ৮ নম্বর গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে নামিয়ে দেয় এবং তার সাথে থাকা ২ লাখ ৫৪ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইলের সিম কার্ড নিয়া যায় এবং যাওয়ার সময় ভয়ভীতি দেখিয়ে তারা বলে, এ ঘটনা কাউকে জানালে পরবর্তীতে তার জীবন শেষ করে ফেলবে বলে হুমকি দেয়। খবর পেয়ে স্বজনরা শিক্ষক লতিফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান জানান, প্রধান শিক্ষক আ.লতিফ তালুকদার বুধবার রাতে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।