মঠবাড়িয়ার ট্রলার ডুবিতে নিহত জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের ১০ জেলে বঙ্গবসাগরে মাছ ধরতে গেলে সম্প্রতি আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায়। এতে নিহত হওয়া ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ ১ দিন পরে সাগরে ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে রোববার বিকেলে বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিখোঁজ হওয়া অপর দুই জেলের সোমবার পর্যন্ত সন্ধান মেলেনি। নিহত ইসমাইল হোসেন উপজেলার জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় মালিক হারুনের ট্রলারে বঙ্গবসাগরে ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারী) রাতে আকস্মিক ঝড়ের কবলে কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেন ও অপর দুইজন নিখোঁজ হন।

অপর নিখোঁজ দুজন হলেন- উপজেলার ছোট মাছুয়া গ্রামের নূরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে রোববার বিকেলে বাড়িতে এনে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই জনের সন্ধান পাওয়া যায়নি।