মঠবাড়িয়ায় আইনজীবী নিহত: বাস চালকের শাস্তি ও নিরাপদ সড়ক দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও মঠবাড়িয়া চৌকিবারের সাবেক সভাপতি এবং জেলা কমিউনিষ্ট পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অবিনাশ মিত্রের সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ঘাতক বাস চালক ও হেলপারসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আইনজীবিদের উদ্যোগে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মূখ সড়কে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে আইনজীবী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫শতাধিক লোক অংশগ্রহন করেন।

প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আতাউর রহমান খানের সভাপতিত্বে ও শামীম আহম্মেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নাসরিন জাহান, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট দিলীপ কুমার পাইক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি ইখতিয়ার হোসেন পান্না, সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, সমাজ সেবক সুভাষ মজুমদার, এ্যাডভোকেট মজিবর রহমান মৃধা, জামাল হোসেন, রফিকুল ইসলাম বাবুল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ প্রমূখ।

বক্তারা বলেন, বেপরোয়া গতির কারণে ও হেলপার দিয়ে এ দুরপাল্লার যাত্রীবাহী বাস চালানোর কারণে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এ্যাডভোকেট অবিনাশ মিত্র নিহত হয়।তারা এ ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। বাস মালিক কর্তৃপক্ষ অধিক মুনফা অর্জনের জন্য এক অদক্ষ চালক, হেলপার ও কন্ট্রাকটর দিয়ে বিরামহীন ভাবে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত এ রুটে দূর্ঘটনা বাড়ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারনে প্রতিদিনই সড়কে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। বক্তরা নিরাপদ সড়কের জন্য প্রশাসনের কঠোর নজরদারী দাবী করেন।