মঠবাড়িয়ায় ভূমি জরিপের ঘুষের টাকা ফেরৎ দেয়ার ভিডিও ভাইরাল

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি জরিপ (সেটেলমেন্ট) অফিসের চলমান কাজে জমির পর্চা দেয়ার নামে সাধারণ লোকজনদের কাছ থেকে সার্ভেয়ারের নেয়া ঘুষের টাকা ফেরৎ দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে টাকা ফেরৎ দিয়ে সর্ভেয়ার চন্দ্র শেখর করজোরে ক্ষমা চাইছেন। বিষয়টি স্থানীয় সাংসদ এর নজরে আসলে তিনি ইতোমধ্যে এ কার্যক্রম বন্ধ করে দেন।

জানা গেছে, মঠবাড়িয়া পৌরসভার ভূমি জরিপ কার্যক্রম চললেও কারিগরিক ত্রুটির কারনে এ মূহুর্তে মাঠপর্চা দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। পর্চা দেয়ার তারিখ নির্ধারণ করা হয় আগামী ফেব্রুয়ারী মাসে। এই সুযোগে মঠবাড়িয়া সহকারি সেটেলমেন্ট অফিসের অসাধু সর্ভেয়ার চন্দ্র শেখর ও সঞ্জিব কুমার গরীব ভূমি মালিকদের কাছে “বিশেষ টোকেন” বিতরণ করেন। প্রতি “বিশেষ টোকেনের” বিপরীতে ৫ থেকে ২০ হাজার করে টাকা করে ঘুষ গ্রহণ করেন। ভুক্তভোগী ৪ জন পুরুষ ও ৫ জন নারী বিষয়টি মঠবাড়িয়া উপজেলা যুবলীগ সাবেক সভাপতি পৌর মেয়র প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজকে অবহিত করেন। শাকিল আহম্মেদ নওরোজ বিষয়টি গোপনে তদন্ত করে সত্যতা পান। এক সময় ঘুষ গ্রহণকালে হাতে নাতে ধরে ফেলেন। পরে ভুক্তভোগী নারী ও পুরুষের হাতে টাকা ফেরৎ দেন। এ সময়ের করা ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়।

উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘুষ গ্রহণকালে হাতে নাতে সর্ভেয়ার চন্দ্র শেখরকে আটক করা হয়েছে। তিনি (চন্দ্র শেখর) এ ধরণের কার্যক্রম আর করবেন না মর্মে মুসলেকা দিয়েছেন বিধায় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। ঘুষ নেয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরৎ দেয়া হয়েছে।

মঠবাড়িয়া সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা বিনোধ বিহারী বলেন, সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং এমপি স্যারের নির্দেশে সাময়িক বরখস্ত করা হয়েছে। এ ব্যপারে তদন্ত চলছে। দোষী প্রমানিত হলো বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।