মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিককে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রত্যেক ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতি নির্ধারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে শহরের প্রধান সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় অগ্নিকাণ্ডে রফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স বাবুল লাইব্রেরী এন্ড অফসেট প্রেস, মন্টু কর্মকার, পল্টু কর্মকার, বিমল কর্মকার, কমল কর্মকারের ৪টি স্বর্ণের দোকান, মদিনা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার, একটি ফলের দোকান, আশোক স্টুডিও এন্ড ইলেকট্রনিকসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, বামনা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ জানান, একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতা করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে বসত ঘরসহ ব্যবসা-প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।