মহিপুরে কিশোরীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)॥
পটুয়াখালীর মহিপুরে হাজবুনা (১৭) নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে মহিপুর সদর ইউনিয়নের নিজ বাসার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত হাজবুনা মহিপুর গ্রামের নজরুল খানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাজবুনা তার বড় বোন আফছার সঙ্গে দোতলা ভবনের উপর তলায় ঘুমায়। রাত দুইটার দিকে হাজবুনাকে খুঁজে না পেয়ে নিচ তলায় গিয়ে একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। প্রেম সংক্রান্ত কারণে হাজবুনা আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারনা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।