মহিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত আরো ১

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মহিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চোতেন ওরফে নিমাই মাতুব্বর (৩২) নামের এক রাখাইন যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন থয়ংচিং নামের অপর এক রাখাইন। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৮ টায় মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের ধুলাসারের সংযোগ সড়কে এ দূর্ঘটনা ঘটে। এসময় তাদের সাথে থাকা একটি মটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে।

আহতকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নিমাই মাতুব্বর কুয়াকাটা পৌরসভার মংথেপাড়া গ্রামের লোমো মাতুব্বরের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। গুরুতর আহত থয়ংচিং রাখাইন ধুলাসারের বৌলতলী পাড়া গ্রামের থিয়েটার চাচানের ছেলে।

মহিপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিহত রাখাইন যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত থয়ংচিং রাখাইনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।