মামলা দিয়ে সাবেক ইউপি সদস্যকে হয়রানি

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে মামলা দিয়ে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার (৫৫) ও তার দুই ছেলে সোহেল হাওলাদার (৩০)মাহবুব হাওলাদারকে(২৫) হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর হাওলাদার উপজেলার মাদবখালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

জাহাঙ্গীর হাওলাদারের অভিযোগ, একই বাড়ির ফিরোজ হাওলাদার(৫৩) এর জমির সীমানা ও আমার সীমানা একই। বাড়ির উঠানের খোলা জায়গার সীমানার আমার অংশে গত বুধবার (৭ ডিসেম্বর) একটি লেবু গাছ লাগায় সে। যাতে আমার ঘর ও উঠান একেবারেই ঢেকে যায়। এ সময় আমি তাদের বাধা দিলে তাদের সাথে আমার কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির একপর্যায়ে তারা নিজেরাই নিজেদের গাছ উপড়ে ফেলে। পরের দিন ফিরোজ হাওলাদার মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিসহ আমার দুই ছেলের নামে মারামারি, ঘর ভাঙচুর ও অর্থ লুটের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে মামলা দায়ের করে। ঘটনার দিন আমার দুই ছেলে বাড়িতে ছিল না। ছোট ছেলে মাহবুব ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। আর বড় ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং এ ছিল।

স্থানীয় বাসিন্দা সিরাজুল হক(৭০), মোতালেব হাওলাদার (৫৩) বলেন, ওই দিন এখানে কোন মারামারি হয়নি। শুধু একটু কথার কাটাকাটি হয়েছে। তার ছোট ছেলে ঢাকায় ছিল আর বড় ছেলে স্কুলের মিটিং এ ছিল।