মায়ের বকাঝকা মানতে পারেনি সুমাইয়া

অনলাইন ডেস্ক।।
রাজধানীর ডেমরার ডগাই এলাকায় সুমাইয়া আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নূরুল ইসলাম বলেন, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিল শিক্ষার্থী ছিল। ওর মা পড়াশোনার জন্য বকাঝকা করলে অভিমান করে নিজের রুমে গিয়ে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ডেমরার ডগাইর ৬৯ নম্বর বাসায় থাকতাম। আমার দুই মেয়ে, এক ছেলে, বলেন নূরুল।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল। তারা ঘটনার তদন্ত করছে।