মির্জাগঞ্জের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারি শিক্ষককে প্রকাশ্যে মারধরের চেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করায় উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সহকারী শিক্ষক।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার আমরাড়াঘাছিয়া ইউনিয়নের ৩১ নং আমরাড়ঘাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারনুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ করেন সহকারী শিক্ষক মোঃ শামসুল আলম।

অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিদ্যালয়ে প্রতিনিয়ত বিলম্বে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুল আলম এসব বিষয়ে প্রতিবাদ করলে তার সঙ্গে অভিযুক্ত প্রধান শিক্ষক বার বার অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ অহেতুক মারধর করেন। এতে ভুক্তভোগী শিক্ষক মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং শংকিত হয়ে পড়েন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ হারনুর রশিদকে মুঠোফোনে কল করা হলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা শিক্ষা অফিসার রিয়জুল হক বলেন, এখন পর্যন্ত আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।