মির্জাগঞ্জে যৌতুক মামলায় নির্বাচন অফিসের অফিস সহকারি গ্রেফতার

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
যৌতুক মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউসুফ মিয়া (৪১)নামের এক নির্বাচন অফিসের অফিস সহকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ মিয়া উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মৃত্যুর ফরিদ মোল্লার ছেলে এবং বরগুনা জেলা নির্বাচন অফিসে অফিস সহকারী পদে চাকরি করেন।

জানা যায়, চলতি বছরের ১৬ আগস্ট স্ত্রী বাদী হয়ে স্বামী ইউসুফ মিয়া ও তার বড় ভাই রাজ্জাক মোল্লাকে আসামি করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলা নং সি আর-২৫৯/২৩। মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস স্বামী ইউসুফ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিল।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামি ইউসুফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।