মুলাদীতে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলো প্রশাসন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় সোমবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার পুড়িয়ে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজুর রহমান।

দীর্ঘ দিন ধরে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। নাজিরপুর নৌ থানার কাছাকাছি ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলতেছিল। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এ খবর পেয়ে ড্রেজার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

নাজিরপুর গ্রামের আব্দুল জলিল জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন ধরে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদী ভাঙন বৃদ্ধি পেয়েছে। ১০-১৫টি ড্রেজার দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করায় গোটা উপজেলা হুমকিতে রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজুর রহমান জানান, মুলাদী উপজেলায় কোনো বালু মহাল নেই। তাই উপজেলার যেকোনো স্থান থেকে বালু উত্তোলন অবৈধ। সোমবার নাজিরপুর নৌ থানার কাছে একটি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।