মুলাদীতে আগুনে পুড়ে গেল ১২ লাখ টাকার পানের বরজ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে আবর্জনার আগুনে তিনটি পানের বরজ পুড়ে গেছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৪টার সময় সৈয়দেরগাঁও গ্রামে আগুন লেগে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানের বরজ মালিকগণ।

জানা গেছে, সৈয়দেরগাঁও গ্রামের মৃত নিরঞ্জন ভৌমিকের ছেলে সঞ্জিত কুমার ভৌমিক মৃধারহাট এলাকায় ৯৬ শতাংশ জমি লীজ নিয়ে পানের বরজ করেন। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্লেহলাল পালের ছেলে অভিজিৎ পাল ৭০ শতাংশ পানের বরজ করেন।

সঞ্জিত কুমার ভৌমিকের ভাই সুজিত কুমার ভৌমিক জানান, শুক্রবার সকাল থেকে পানের বরজে লোকজন কাজ করছিলো। দুপুরের দিকে অভিজিৎ পালের কাজের লোকজন পানের বরজ থেকে ৫/৭ হাত দূরে গর্তের মধ্যে আবর্জনায় আগুন দেয়। ওই সময় শ্রমিক আব্দুল খালেক আগুনের মধ্যে (কাশ ফুলের গাছ) ঝাটি নিক্ষেপ করার সাথে আগুনের লেলিহান শিখা উপড়ে ওঠে এবং দক্ষিণ দিক থেকে বাতাস থাকায় আগুন পানের বরজের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ১০/১৫ মিনিটের মধ্যে বরজ ৩টি পুড়ে ছাই হয়ে যায়।

অভিজিৎ পাল জানান, পানের বরজের আবর্জনা গর্ত করে নিয়মিত পোড়ানো হয়। শুক্রবার অসাবধানতা এবং কাজের লোকের ভুলের কারনে পানের বরজগুলো পুড়ে গেলো। লীজকৃত জমিতে ধারদেনা করে পানের বরজ করা হয়ে ছিলো। এগুলো পুড়ে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

গাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো.জসিম উদ্দীন জানান, আগুনে ৩টি পানের বরজ পুড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।